মানিক মিয়া ঢাকা:- দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জনে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৮২ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ৬৯ হাজার ১৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১ হাজার ৭৮২ রোগীর মধ্যে ১ হাজার ৬৮ জন পুরুষ এবং ৭১৪ জন নারী। এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী গ্রুপে, ২৬২ জন। এরপর ২৬ থেকে ৩০ বছর বয়সী ২৫৩ জন এবং ১৬ থেকে ২০ বছর বয়সী ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন।




