Search
Close this search box.

থাইল্যান্ড উপকূলে কন্টেইনারসহ জাহাজডুবি, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

জিল্লুর রহমান (থাইল্যান্ড)বিশেষ প্রতিনিধি:- মালয়েশিয়া থেকে কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে ডুবে গেছে একটি জাহাজ।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে জাহাজটিতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নেভির একটি দল।

দুর্ঘটনাকবলিত জাহাজটি পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’ বলে জানিয়েছে এটির বাংলাদেশি এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশ।

আলভি লাইন্স বাংলাদেশের অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন জানান, ফুকেট উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি ৩০ ডিগ্রি কাত হয়ে ডুবে যায়। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরে আসছিল।

তিনি বলেন, জাহাজটিতে থাকা ১৬ নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি। ক্যাপ্টেন জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। নাবিকদের উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। তারা সকলেই সুস্থ আছেন।

কী কারণে জাহাজটি কাত হয়ে ডুবেছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তিনি। তবে উদ্ধার হওয়া নাবিকরা কয়েকদিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বোরহান উদ্দিন।

পানামার পতাকাবাহী জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়। সেটি ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল।