নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিল কারখানায় লোহা গলানোর বাট্টি (ফার্নেস) বিস্ফোরণে ৪ জন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) আনুমানিক রাত ৮টার দিকে রূপগঞ্জ থানাধীন বরপা-আড়িয়াবো এলাকায় অবস্থিত প্রিমিয়ার রি-রোলিং মিল কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ শ্রমিকরা হলেন—সজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) এবং আবির (১৯)।
প্রত্যক্ষদর্শী নাবিল তালুকদার জানান, রাতে কারখানার কাজ শেষ করে বাসার দিকে রওনা হয়ে মাত্র কিছুটা পথ গিয়েছি, তখনই বিকট এক বিস্ফোরণের শব্দ পাই। পেছনে ফিরে তাকাতেই দেখি লোহা গলানোর বাট্টি ফেটে চতুর্দিকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। দ্রুত দৌড়ে গিয়ে বেশ কয়েকজন শ্রমিককে দগ্ধ অবস্থায় দেখতে পাই। তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রূপগঞ্জ থেকে আসা ৪ জন দগ্ধ রোগীকে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাদের মধ্যে সজিব সরকারের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া রুবেল আহমেদের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের ১০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।




