Search
Close this search box.

মুক্তিযুদ্ধের খবর প্রকাশ করে যেভাবে বাংলাদেশের বন্ধু হয়ে উঠেছিলেন মার্ক টালি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ‌‌‘ভয়েস অব ইন্ডিয়া’ খ্যাত সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক মার্ক টালি মারা গেছেন।

রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৯০ বছর বয়সী টালি মারা গেছেন বলে বিবিসিকে নিশ্চিত করেন তার সাবেক সহকর্মী সতীশ জ্যাকব।

ইংরেজ পরিবারে জন্মগ্রহণ করলেও টালির জীবনের চারভাগের তিনভাগই কেটেছে ভারতে। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে দিল্লিতে বিবিসির ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।দীর্ঘ ওই সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকিস্তানের সামরিক শাসন, ভারতের জরুরি অবস্থা ও শিখ বিদ্রোহ, ইন্দিরা ও রাজিব গান্ধীর হত্যাকাণ্ড, জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি, শ্রীলঙ্কায় তামিল টাইগারদের বিদ্রোহ, আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনসহ দক্ষিণ এশিয়ার আরও অনেক বড় বড় ঘটনার সাক্ষী হন টালি, যেগুলো নিয়ে তিনি প্রতিবেদনও প্রকাশ করেন।এর মধ্যে ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনীর কঠোর নিয়ন্ত্রণের মুখে যখন স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ঘটনা প্রকাশ করা কঠিন হয়ে পড়েছিল, তখন বিবিসিতে নিয়মিতভাবে মুক্তিযুদ্ধের খবরাখবর ও বিশ্লেষণ প্রকাশ করে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত নাম হয়ে ওঠেন মার্ক টালি।

তখন বাংলাদেশের মানুষের কাছে বিবিসি মানেই ছিল মার্ক টালি। যাদের বাড়িতে তখন রেডিও ছিল, তারা সকাল-সন্ধ্যা রেডিওতে কান পেতে অপেক্ষা করতেন বিবিসিতে তার কণ্ঠস্বর শোনার জন্য,’’ বিবিসি বাংলাকে বলছিলেন গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী।

মুক্তিযুদ্ধকালে নিরপেক্ষভাবে খবর প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পরবর্তীতে মার্ক টালিকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেয় সরকার। ওই সম্মাননা নিতে ২০১২ সালে শেষবার ঢাকায় এসেছিলেন বিবিসির সাবেক এই জ্যেষ্ঠ সাংবাদিক।