মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- একজোট হয়ে ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, বিএনপি স্বাধীনতায় বিশ্বাসী রাজনৈতিক দল। জনগণের অধিকার নিশ্চিত করা রাজনৈতিক দল।এছাড়া দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, ভোটাররা এটি বিশ্বাস করেন কি না এমন প্রশ্নও রাখেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে নিজ নির্বাচনী ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নের কিশামত তেওয়ারিগাঁওয়ে নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এখন নৌকা নাই, নৌকা নাই কিন্তু যে দলটা আছে যারা স্বাধীনতা যুদ্ধ করেছে; আমাদের দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকা তলে ছিল।
তিনি বলেন, বিএনপি স্বাধীনতায় বিশ্বাসী রাজনৈতিক দল, আমরা গণতন্ত্র বিশ্বাস করা রাজনৈতিক দল। আমরা জনগণের অধিকার নিশ্চিত করা রাজনৈতিক দল। আমরা অতীতে উন্নয়ন করেছি, আমরা নারীদের উন্নয়নে কাজ করেছি।
বিএনপি মহাসচিব বলেন, আপনাদের কাছে আমার একটা আবেদন আপনার কোনটা বেছে নেবেন? যারা ক্ষমতার কথা বলে মানুষকে বিভ্রান্ত করে; তারা বলে- দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে! এটা আপনারা বিশ্বাস করেন? একটা মার্কাকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়? আল্লাহর ইচ্ছায় বেহেশতে যাওয়া যায়, যে সত্যের পথে-ন্যায়ের পথে থাকে তারাই বেহেশতে যায়।
তিনি বলেন, এসব বলে মানুষকে বিভ্রান্ত করে, এগুলো আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি হিন্দু, মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই একজোট হয়ে দেশের জন্য কাজ করি এবং বিভেদ সৃষ্টি না করে একজোট হয়ে কাজ করলে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, ধানের শীষে ভোট দেবেন, কোনো ভয় করবেন না। আমরা আছি আপনাদের সঙ্গে। আমি সবাইকে বলতে চাই- আসেন সবাই একজোট হয়ে ধানের শীষের ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যাই, শান্তির দিকে নিয়ে যাই এবং প্রগতির দিকে নিয়ে যাই।
এসময় তিনি সকলের কাছে নিজের জন্য ভোট চান এবং নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের বেকার সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপি, উপজেলা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





