নিউজ ডেস্ক:- সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগে ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেননির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন/আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হবে।
আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। ধারা ১৯(২) যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে, তিনি কোন একটি আসন রাখতে চান।
জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ১৪ হাজার ৭২৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন ৯৬ হাজার ৫০৭ ভোট।
এই আসনের ১৫০টি ভোটকেন্দ্রের সবগুলোতেই তিনি বিজয়ী হয়েছিলেন। বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ।
অপরদিকে ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়ে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। বাতিল হয় ২ হাজার ২১১টি। বৈধ ভোট হয় ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।
অন্যদিকে বগুড়া-৬ আসনেও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৫০টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রধান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।





