মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল, বাসচালক আব্দুল বাসেত এবং এক পথচারী রয়েছেন। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত আরও আটজন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভার বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলপুর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ট্রাকযোগে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছিল। বালিয়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় সড়ক পারাপারের চেষ্টা করা এক পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান।
গুরুতর আহত বাসচালক আব্দুল বাসেতকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউলকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, আহতদের দ্রুত তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত পথচারীর পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, দুর্ঘটনার পরপরই ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে পরে যান চলাচল স্বাভাবিক হয়।





