নিউজ ডেস্ক:-নির্বাচন ঘিরে দেশের হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ প্রস্তুত রাখতে ৯ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব নির্দেশনা বাস্তবায়নে দেশের সব সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।
নির্দেশনার মধ্যে মেডিক্যাল টিম গঠন, সার্বক্ষণিক জরুরি বিভাগ চালু, অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখা, চিকিৎসকদের উপস্থিতি, শয্যা প্রস্তুত রাখা এবং ২৪ ঘণ্টা কন্ট্রোলরুম চালু রাখার বিষয়ও রয়েছে। গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত জরুরি নির্দেশনাপত্রে এসব বিষয় উল্লেখ রয়েছে।
নির্দেশনাটি নির্বাচনের আগে দুই দিন এবং নির্বাচনের পরে তিন দিনের জন্য কার্যকর রাখার কথা বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয় সে লক্ষ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে আছে : এক. প্রতিটি সিটি করপোরেশনে ছয়টি, বিভাগীয় পর্যায়ে চারটি, জেলা পর্যায়ে তিনটি, উপজেলা পর্যায়ে দুটি এবং ইউনিয়ন পর্যায়ে একটি মেডিক্যাল টিম গঠন করতে হবে। দুই. প্রতিষ্ঠানপ্রধান/স্বাস্থ্য প্রশাসক জনবলের প্রাপ্যতা/প্রয়োজনীয়তার ভিত্তিতে মেডিক্যাল টিমের সদস্য নির্ধারণ করতে হবে।
তিন. জরুরি বিভাগে প্রয়োজনে অতিরিক্ত জনবল নিয়োগ করতে হবে। চার. সার্বক্ষনিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে। পাঁচ. নির্বাচনকালীন প্রতিটি স্বাস্থ্যপ্রতিষ্ঠানের প্রধানকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। ছয়. কোনো কারণে তিনি ছুটিতে থাকলে দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করতে হবে।
সাত. (ক) নির্বাচনকালীন চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করে জরুরি বিভাগ চালু থাকবে। (খ) কোনো রোগী রেফার করলে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে যথাযথ কাউন্সেলিং করে রেফার করতে হবে। (গ) অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে। (ঘ) সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়সাধন এবং জরুরি প্রয়োজনে বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের প্রয়োজনীয় লজিস্টিক, অ্যাম্বুলেন্স, জনবল দিয়ে সহযোগিতা প্রদান করতে হবে। (ঙ) জরুরি পরিস্থিতির উদ্ভব হলে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে।আট. সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং বিভাগীয় কার্যালয় (স্বাস্থ্য), সিভিল সার্জন অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় একটানা ৭২ ঘণ্টার বেশি বন্ধ থাকবে না। জরুরি বিভাগ, আন্ত বিভাগ, ল্যাব, ক্যাথল্যাব, ডায়ালিসিস সেন্টার, সিটি স্ক্যান, এমআরআই সেন্টার যথারীতি খোলা থাকবে। নয়. বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন অফিসে ২৪ ঘণ্টা কন্ট্রোলরুম খোলা থাকবে।
এ বিষয়ে ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান কালের কণ্ঠকে বলেন, ‘নির্বাচন ঘিরে এ ধরনের প্রস্তুতি নতুন নয়। অতীতে নির্বাচনকালীন হঠাৎ সহিংসতায় আহত রোগীর চাপ বাড়তে দেখা গেছে। আমাদের এ প্রস্তুতির কারণ হলো যাতে চিকিৎসার অভাবে কারো প্রাণহানি না ঘটে।





