Search
Close this search box.

সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচার: কোন দল কত খরচ করলো?

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া ঢাকা:- নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া এখন যুদ্ধক্ষেত্র। পোস্টার, লিফলেট, ব্যানারের বদলে প্রার্থীদের লড়াই চলছে ভিডিও, গ্রাফিক্স, লাইভ আর রিলস দিয়ে।

কিছু ডলার খরচ করলেই ভোটের দাবি চলে যাচ্ছে ১৩ কোটি ইন্টারনেট গ্রাহকের কাছে। যার মধ্যে সাড়ে ৬ কোটি ফেসবুক, ৫ কোটি ইউটিউব আর বাকিরা ইন্সটাগ্রাম ও টিকটক ব্যবহারকারী। আবার প্রার্থী বা তার দলের ফলোয়ারদের সংখ্যাও নেহায়েত কম নয়।

তাই ডিজিটাল প্রচারণায় এবার জনবল নিয়োগ করেছেন প্রায় সব প্রার্থী। দিনরাত কনটেন্ট নির্মাণে ব্যস্ত ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, এআই প্রম্পট ইঞ্জিনিয়ার আর এসইও পেশাদাররা। প্রচারণায় ছোট ভিডিও, গান, নাটক, সাক্ষাৎকার, জনসভা কিংবা মিমস কিছুই বাদ পড়ছে না। প্রার্থীর নিজস্ব টিমের বাইরে কাজ করছে রাজনৈতিক দলের ডিজিটাল কর্মীরাও। আর এসব বুস্ট বা টাকা দিয়ে প্রমোশনের কাজ করছে বিজ্ঞাপনী সংস্থা বা অনলাইন বিপণন বিশেষজ্ঞরা।

ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী রবিউল আলম রবি বলেছেন, ইচ্ছা করলেই কোনো একজন প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থী অথবা চেনা-জানা যায় না এ রকম একটা গুপ্ত জায়গা থেকে বা নেতিবাচক প্রচারণা করে প্রার্থীর ইমেজ নষ্ট করার একটা অপচেষ্টাও আছে। এই অপচেষ্টাটার রোধ করার দরকার আছে। সেটা না হলে ভোটার, এলাকার জনগণ বিভ্রান্ত হচ্ছে।

জামায়াতের নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য মোবারক হোসাইন বলেন, গুগল-ইউটিউব আছে এবং অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে, সেখানে কে কী করছে সেটা খুঁজে বের করা কঠিন হবে। নির্বাচন কমিশনের জন্য কঠিন হবে, আমরা যারা প্রতিদ্বন্দ্বী আছি, আমাদেরও এটা খুঁজে বের করা কঠিন হবে।

নরসিংদী-২-এ এনসিপির প্রার্থী সারোয়ার তুষার বলেন, অনলাইনে প্রার্থীর পক্ষে কারা প্রচার করতে পারবে? কোন প্রার্থীর পেজ, প্রার্থীর নিজস্ব আইডি, প্রার্থীর যদি এজেন্ট থাকে, তাহলে তার আইডি— এগুলো নির্বাচন কমিশনকে জমা দেয়ার কথা যেটা তারা ইতোমধ্যে বলেছেন, কিন্তু সেটা তারা আদায় করছেন না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে প্রচার হচ্ছে।

কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণার ব্যয় সম্পর্কে কখনোই তথ্য দেয় না গুগল বা ইউটিউব। টিকটকে এমন পাবলিসিটির নিয়ম নেই। তবে ফেসবুক বা মেটা প্ল্যাটফর্মে কিছু তথ্য পাওয়া যায়।

ফেসবুকের এক মাসের তথ্য বিশ্লেষণ করেছে যমুনা টেলিভিশন। তাতে দেখা যায়, বাংলাদেশের রাজনৈতিক বিজ্ঞাপনে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৬৫ লাখ টাকা। এর মধ্যে ১১২টি পেজ অন্তত ১০০ ডলার করে খরচ করেছে। দল হিসেবে বিএনপি গত ৩০ দিনে ৩৭ লাখ টাকা এবং জামায়াত ১৩ লাখ টাকা ব্যয় করেছে। এখন পর্যন্ত বিএনপি ২ হাজার ২২৪, জামায়াত ৭৪০, ইসলামী আন্দোলন ৮০ ও এনসিপি ৭৭টি বিজ্ঞাপন চালিয়েছে। ডিজিটাল প্রচারণায় এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যয় করেছেন চট্টগ্রামের একজন বিএনপি প্রার্থী।

প্রার্থীদের এমন ডিজিটাল ডামাডোলে নির্বাচন কমিশনের নজরদারি আদৌ কি আছে? কেউ ব্যয়ের সীমা ছাড়িয়ে গেলে কীভাবে বুঝবে ইসি, এমন প্রশ্ন এখন উঠছে হরহামেশা। একশ ডলারের নিচে আলাদা করে অনলাইন বুস্টিং করলে সেই তথ্যও সামাজিক যেগাযোগমাধ্যম দেয় না। তার মানে বাস্তব খরচ আরও বেশি।

 

ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেন, প্রচারণায় কত টাকা খরচ করলো, সে হিসাব তো প্রার্থীকে দিতে হয়। সেই হিসাবের জায়গাটাকে সে কীভাবে ডিফাইন করবে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য, এটা এখনও পরিষ্কার না। ডিফাইন করার জন্য যথেষ্ট টুলসও তার হাতে নাই। কারণ, টুলসগুলো তো প্ল্যাটফর্মের হাতে। সে ডেটা না দিলে আপনি কীভাবে জানবেন? তাই এখন পর্যন্ত সেলফ রিপোর্টিং। এই সেলফ রিপোর্টিংকে কীভাবে আপনি একাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কে আনবেন, সেটা পরিষ্কার না।

 

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, হাই-প্রোফাইল যে টেকনিক্যাল পার্সন সরকারে রয়েছে, বিভিন্ন এজেন্সিতে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, আমরা জয়েন্টলি এটি পরিচালনা করবো এবং এগুলোর ফলাফল আপনারা দেখতে পাবেন ইনশআল্লাহ।

আসছে জাতীয় নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেক ১৮ থেকে ৩৫ বছর বয়সী, যাদের বড় অংশ ইন্টারনেট ব্যবহার করে।