দৌলতপুর কুষ্টিয়ার প্রতিনিধি ফরিদ আহমেদ:– আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারপতি, আইন বিশেষজ্ঞ ও লেখকডঃ রাধাবিনোদ পাল(জন্মঃ- ২৭ জানুয়ারি, ১৮৮৬ – মৃত্যুঃ- ১০ জানুয়ারি, ১৯৬৭) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে অক্ষশক্তিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে নুরেমবার্গ এবং টোকিওতে দু’টি ট্রাইব্যুনাল গঠিত হয়।
হিটলারের মন্ত্রিপরিষদসহ যুদ্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার করা হয় নুরেমবার্গে এবং জাপানের সমরবিদ জেনারেল হিদেকি তোজোর বিচার করা হয় টোকিওতে।
একজন বিচারক হিসেবে টোকিও ট্রাইব্যুনালে নিয়োগ লাভ করেন ড. রাধাবিনোদ পাল। একপর্যায়ে তিনি ছাড়া অন্য সব বিচারপতি তোজোকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করে ফাঁসিতে ঝোলানোর সিদ্ধান্ত নেন।
সবার ধারণা ছিল, বিচারপতি পালও মিত্রশক্তির পক্ষে থাকবেন। কিন্তু রাধাবিনোদ পালের ৮০০ পৃষ্ঠার ঐতিহাসিক রায় মিত্রশক্তি এমনকি সারা বিশ্বকে হতবাক করে দিলো। বিচারের নীতিমালা উপেক্ষা করতে পারেননি বলে তিনি মিত্রশক্তির পক্ষে রায় দেননি।
আইনের শাসনের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং বিচারব্যবস্থার নিরপেক্ষতায় দৃঢ়ভাবে বিশ্বাসী বিচারপতি পাল কর্তৃক উপস্থাপিত তিনটি প্রশ্ন সমগ্র রায়কে বিতর্কিত করে দিয়েছিলেন আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে। এগুলো হচ্ছে
ক. মিত্রশক্তির তিন প্রধান কর্তৃক স্থায়ী শান্তির লক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্রুত স্তিমিতকরণ ঘোষণার বরখেলাফ।
খ.আন্তর্জাতিক আইনের সংযম ও নিরপেক্ষতার নীতিমালা লঙ্ঘন।গ. জাপানের আত্মসমর্পণের ইঙ্গিত উপেক্ষা করে ভয়ানক ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারী পারমাণবিক বোমা ব্যবহার।
নুরেমবার্গে বিচারব্যবস্থায় পক্ষপাতিত্বের দরুন শঙ্কিত হয়ে উঠেছিলেন বিচারপতি পাল। তিনি বুঝতে পেরেছিলেন, নুরেমবার্গের প্রভাবে টোকিও আদালতও নিরপেক্ষ থাকতে পারবে না। রায়ে তিনি উল্লেখ করেছেন, ১৯৪৫ সালের ফেব্রুয়ারি মাসে ইয়াল্টা সম্মেলনে আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট, সোভিয়েত প্রেসিডেন্ট স্ট্যালিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল স্থায়ী শান্তির লক্ষ্যে রক্তক্ষয়ী যুদ্ধ দ্রুত স্তিমিত করতে প্রচলিত অস্ত্র প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
তাহলে কোন যুক্তিতে জাপানে পারমাণবিক বোমা ফেলা হলো? এ ছাড়াও জাপান যখন আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে, তখন পারমাণবিক আঘাত অমানবিক এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
জাপানের আত্মসমর্পণের প্রমাণ আদালতের কাছে রয়েছে। তা সত্ত্বেও আমেরিকা কেন ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় এবং ৯ আগস্ট নাগাসাকিতে ১২ হাজার কিলোটন উচ্চমাত্রার তেজস্ক্রিয়তাসম্পন্ন বোমা ফেলে যথাক্রমে দুই লাখ ১৭ হাজার ১৩৭ জন এবং ৭০ হাজার শিশু ও নারীসহ নিরীহ মানুষ হত্যা করেছে? ওই সময়ে অনাক্রমণাত্মক অবস্থানে থাকায় জাপান জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে জেনেভা কনভেনশনের আলোকে প্রতিকার পেতে পারে।
তিনি রায়ে তেজস্ক্রিয়তা সম্পর্কে আইনস্টাইন ও পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেন হেইমারসহ বিজ্ঞানীদের সতর্ক করে দিয়ে বলেন, এই বোমা বিশ্বশান্তি ও মানবতার জন্য অভিশাপ ও হুমকিস্বরূপ। হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার আক্রমণ ইউরোপে স্নায়ুযুদ্ধের তীব্রতা বাড়িয়ে দেবে। রাশিয়াকে ভয় দেখানোর জন্যই এই বোমা, রাধাবিনোদ পাল তা পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন।
বিচারপতি পালের এই রায় জেনারেল তোজোসহ সাতজনের ফাঁসির প্রতিবন্ধক ক্ষেত্রে হয়নি। কিন্তু মৌলিক অধিকার, মানবাধিকার, শান্তি ও আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়ে এবং পরাক্রমশালী মিত্রশক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে বিচারপতি পালের এই ঐতিহাসিক, যুগান্তকারী ও সাহসী রায় পৃথিবীর জনগণকে সাহসী দৃষ্টিভঙ্গি উপহার দিয়েছিল। যে রাতে ওই সাতজনের ফাঁসি হয়, পরদিন সকালে টোকিও শহরে রাধাবিনোদের সমর্থনে বিশাল মিছিল বের হয়।
ড. রাধাবিনোদ পালের জন্ম বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মৌজা সালিমপুরের অধীন তারাগুনিয়া গ্রামে মাতুলালয়ে তার জন্ম।এলাকাটি এখন জজপাড়া নামে পরিচিত। তার পিতার নাম বিপিন বিহারি পাল। পৈতৃক নিবাস মিরপুর থানার কাকিলাদহে।
১৯০৮ সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে (সম্মান) প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ১৯১১ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ১৯২১ সালে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসায় শুরু করেন।
১৯২৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ল’জ ডিগ্রি লাভ করেন। আয়কর আইনকে সময়োপযোগী করার পেছনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘ দিন ইন্ডিয়া সরকারের আয়কর আইন উপদেষ্টা এবং ইউনিভার্সিটি ল কলেজের অধ্যাপকও ছিলেন। ১৯৪১ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত হাইকোর্টের বিচারক এবং ১৯৪৪ থেকে ১৯৪৬ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন।
জাপানিদের কাছে তিনি সম্মান ও শ্রদ্ধার পাত্র। তিনি বিশ্বাস করতেন, জাপান সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। তার এই ধারণা সত্য হয়েছে। তিনি শেষবারের মতো ১৯৬৬ সালে জাপান সফর করেন।
তখন রাজপথে অনন্য শোভাযাত্রার মাধ্যমে অকল্পনীয় সম্মান প্রদর্শন করে টোকিও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জাপানে তার স্মৃতিকে ধরে রাখার জন্য গঠিত হয়েছে পাল ফাউন্ডেশন এবং চালু হয়েছে এর উদ্যোগে আন্তর্জাতিক আইন ও জুরিসপ্রুডেন্সের বহুমুখী কর্মসূচি।
রাধাবিনোদ পাল পরবর্তী সময়ে একাধিকবার আন্তর্জাতিক আইন কমিশনের বিচারপতি ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আইন সম্পর্কে প্রচুর জ্ঞান আহরণের পাশাপাশি তিনি বই রচনা করেছেন।
শান্তির আশায় পৈতৃক ভিটা কুষ্টিয়ার কাকিলাদহে ফিরে আসতে চেয়েছিলেন। কিন্তু ’৬৫-এর যুদ্ধের ফলে তার পৈতৃক ভিটা ‘শত্রুসম্পত্তি’তে পরিণত হয়।





