খুলনা ব্যুরো প্রধান:- খুলনা-২ আসনের একটি ভোটকেন্দ্রে এক বিএনপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।
জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. পার্থ রায় জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
খুলনা-২ আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে জামায়াতের এক নেতার ধাক্কায় বিএনপি নেতা কচি নিহত হয়েছেন।
তিনি বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অধ্যক্ষ ও জামায়াত নেতা মাহাবুবের অবিলম্বে গ্রেফতার দাবি করছি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামী প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। ভোটারদের সঙ্গে মতবিরোধের জেরে উত্তেজনার সৃষ্টি হয়। তবে এ ঘটনায় জামায়াতের কোনো কর্মীর সংশ্লিষ্টতা নেই।
খুলনা-২ আসনে জামায়াতের প্রার্থীর প্রধান এজেন্ট শেখ জাহাঙ্গীর আলম বলেন, “তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অযথা জামায়াতকে জড়ানো হচ্ছে। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষও জামায়াতের কেউ নন।
এ বিষয়ে খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, “আমি সবুরণনেসা কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়িতে ফিরছিলাম। তখন দেখি কয়েকজন নারী ভোটারকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি সবাইকে শান্ত থাকতে বলেছি। কাউকে ধাক্কা দিইনি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।





