বিনোদন ডেস্ক:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে যখন টানটান উত্তেজনা, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নধর্মী এক স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, কাকে ভোট দেবেন আপনারা একটু তাড়াতাড়ি জানাইয়েন। তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফালগুনে শাড়ি পরব নাকি আবায়া।
ভোটের ফলাফলের সঙ্গে পহেলা ফালগুনের পোশাকের সম্পর্ক টেনে করা এই রসিকতা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অল্প সময়েই পোস্টটি পায় বিপুল প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার।
মন্তব্য ঘরে নেটিজেনদের কেউ কেউ রসিকতার সুরেই জবাব দিয়েছেন। একজন লিখেছেন, বুবু, আমি পাঞ্জাবি পরে বের হব, ফাইনাল! আবার কেউ কেউ বিষয়টিকে নাগরিক স্বাধীনতা ও ব্যক্তিগত পছন্দের আলোচনার দিকে নিয়ে গেছেন।শবনম ফারিয়া বরাবরই সমসাময়িক নানা ইস্যুতে সরব। সামাজিক ও রাজনৈতিক বিষয়েও নিজের মত প্রকাশে স্পষ্টভাষী হিসেবে পরিচিত এই অভিনেত্রী। ভোটের ঠিক আগের দিনে তার ‘শাড়ি বনাম আবায়া’ স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভক্ত ও অনুসারীদের মধ্যে।
এখন দেখার বিষয়, নির্বাচনের ফলাফল সত্যিই তার পহেলা ফালগুনের সাজে কোনো প্রভাব ফেলে কিনা।





