অনলাইন ডেস্ক :- মার্কিন মিত্র দেশ ইসরায়েলে দেখা দিয়েছে নতুন এক সমস্যা। গাজা-লেবানন-ইরানে হামলা করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন, ক্রমবর্ধমান মিশন চাপ ও জনবলের ঘাটতির মুখে দেশটির সামরিক বাহিনী নিজের ভেতরেই ধসে পড়বে।
জামির মন্ত্রীদের উদ্দেশে বলেন, আমি আপনাদের সামনে ১০ সতর্ক সংকেত তুলে ধরেছি।
ইসরায়েলি সেনাপ্রধানকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফের এখন একটি বাধ্যতামূলক সামরিক সেবা আইন, রিজার্ভ ডিউটি আইন এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বাড়ানোর আইন প্রয়োজন। এগুলো করতে না পারলে শিগগিরই আইডিএফ নিয়মিত অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকবে না এবং রিজার্ভ ব্যবস্থাটিও টিকবে না।
২০২৫ সালের অক্টোবরে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির পর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ ছিল। এর আগে ফিলিস্তিনিদের সমর্থনে এবং ইসরায়েলের ওপর চাপ বাড়াতে তারা নিয়মিত হামলা চালিয়ে আসছিল। দীর্ঘ বিরতির পর এই নতুন ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধের এক বড় ধরনের মোড় হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, লেবানন সীমান্তে ইসরায়েলি সরকারের রণকৌশল নিয়ে খোদ ইসরায়েলের ভেতরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দেশটির সেনাপ্রধান সামরিক বাহিনীতে ক্লান্তি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। দীর্ঘমেয়াদি সংঘাতের ফলে সৈন্যদের মানসিক ও শারীরিক সক্ষমতা কমে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।




