গণ–অভ্যুত্থানের পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:- কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমের (৪৪)।

অবশেষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। গত ৩ নভেম্বর রাতে মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১১ সূত্রে জানা যায়, ২০১৩ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ার পর ওই বছরের ৯ জুলাই থেকে গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন আবু মোকারম।

 

২০২৪ সালের ৬ আগস্ট সকালে কারাগারে বন্দীদের মধ্যে সংঘবদ্ধ দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একপর্যায়ে কারারক্ষীদের জিম্মি করে বৈদ্যুতিক পিলার ভেঙে মই তৈরি করেন বন্দীরা। পরে সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান একাধিক বন্দী। তাদের মধ্যে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু মোকারমও। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২০০৯ সালের নভেম্বর মাসে পারিবারিক বিরোধের জেরে আবু মোকারম ও তার সহযোগীরা মিলে তাঁর বোনের চাচি শাশুড়িকে হত্যা করেন। পরে বাড়ির পাশের একটি ধানক্ষেতে মরদেহ ফেলে রাখা হয়। এ ঘটনায় চন্দনাইশ থানায় দায়ের করা হত্যা মামলায় আবু মোকারম ছিলেন ১ নম্বর আসামি।

 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৩ সালের ১৯ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ওই হত্যা মামলায় আবু মোকারমকে মৃত্যুদণ্ড দেন।

 

কারাগার থেকে পালানোর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে এবং পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন তিনি।

 

অবশেষে এসআরবি-১১-এর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।