বাঘায় নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান, সিলগালা; জরিমানা এক লাখ টাকা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজশাহীর জেলা প্রতিনিধি:– রাজশাহীর বাঘা উপজেলায় একটি পুরোনো বাড়িতে নকল ও ভেজাল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কারখানাটির কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে।

এ সময় কারখানায় কর্মরত সাতজনকে পাওয়া যায়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় কারখানা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজারের উত্তরে একটি পুরোনো বাড়িতে গোপনে কারখানাটি পরিচালিত হয়ে আসছিল। বুধবার (০৪ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় কারখানায় সাতজন শ্রমিক কাজ করছিলেন। তবে সেখানে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। এ সময় বিভিন্ন কোম্পানির নামে তৈরি ভেজাল ওষুধ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অন্যন্যা। পরে উপস্থিত শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অন্যন্যা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন কোম্পানির ভেজাল ওষুধ জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়েছে।

 

তিনি আরও জানান, নকল ওষুধ তৈরির বিষয়টি ওষুধ প্রশাসন অধিদপ্তরকে জানানো হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন।

উপজেলা প্রশাসনের অভিযানে কারখানাটির কার্যক্রম বন্ধ করা হলেও এর মালিকপক্ষ এবং নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।