ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এতে ওই বগির কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
বুধবার (১১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় ট্রেনটি শান্টিং করার সময় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, পাশের একটি বগির আসনেও পেট্রল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছড়িয়ে থাকার তথ্য পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও জিআরপি যৌথ অভিযান চালিয়ে মোরছালিন (১৮) ও রনি (২০) নামে দুই যুবককে আটক করে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখার পর ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।




