সঞ্চয় দাশ টেকনাফ কক্সবাজার প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।কোস্ট গার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকা সংলগ্ন নাফ নদী থেকে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২ লাখ পিস ইয়াবা।
আটক দুই ব্যক্তি হলেন টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার নজির আহমদ ও নুর মোহাম্মদ।
এ বিষয়ে ব্রিফিংয়ে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
জব্দ ইয়াবা, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।




