নেত্রকোণা জেলা প্রতিনিধি:- নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বগিটির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় ট্রেনটিতে কোনো যাত্রী বা রেলকর্মী ছিলেন না বলে জানিয়েছেন স্টেশন মাস্টার জহিরুল ইসলাম।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর গার্ড ও ট্রেনের কর্মীরা খাবার খেতে বাইরে যান। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা ট্রেনের ‘ড’ বগিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ফিরে আসেন। তারা প্রথমে ট্রেনের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নেভান।
স্টেশন মাস্টার বলেন, আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অংশটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত না হওয়ায় আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করা যায়নি।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অগ্নিকাণ্ডের কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস।




