শার্শায় ১৮ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

যশোর জেলা প্রতিনিধি:- যশোরের শার্শায় চার কোটি ১০ লাখ টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকার প্রাইম ব্রিকসের সামনে থেকে তাকে আটক করা হয়।

বুধবার দুপুর ২ টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।

আটক আলাউদ্দীন উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন- স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক পাচারকারী সীমান্তের দিকে যাবে।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক এলাকার প্রাইম ব্রিকসের সামনে অবস্থান করেন। এ সময় ওই পাচারকারী মোটরসাইকেলযোগে খাজুরা এলাকায় আসলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৮ পিস স্বর্ণেরবার পাওয়া যায়। তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

জব্দ করা স্বর্ণের ওজন ২ কেজি ৯০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা বলে জানায় পুলিশ।সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, খাজুরা এলাকা থেকে ১৮ টি স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। জব্দ করা স্বর্ণেরবারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।