কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার:- কক্সবাজার সমুদ্র সৈকতের নুনাজলে বন্ধুদের সাথে গোসলে নেমে স্থানীয় কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে গোসল করতে নেমে মো. ইয়াসিন আরাফাত (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তিনি কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। রামু সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।

সি সেফ লাইফ গার্ডের সদস্য মো. শুক্কুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লাইফ গার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ইয়াসিনকে সমুদ্র থেকে তুলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা ইউসুফ জানান, প্রতি শুক্রবারের মতো সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে সৈকতে যান ইয়াসিন। খেলা শেষে তারা সমুদ্রে গোসল করতে নামেন। পরে ইয়াসিনের বন্ধুদের কাছ থেকে দুর্ঘটনার খবর পান পরিবারের সদস্যরা।

তিনি আরো জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে দাফনের জন্য মরদেহ সাতকানিয়ার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।তার মৃত্যুতে কক্সবাজারে শোকাবহ ও বেদনাদায়ক পরিবেশ তৈরি হয়েছে।