মানিক মিয়া ঢাকা:- দেশের সার্বিক স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন ও জনবল সংকট নিরসনে আগামী তিন মাসের মধ্যে সাড়ে ৭ হাজার চিকিৎসক এবং সাড়ে ৭ হাজার নার্স নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসা কার্যক্রম পর্যালোচনা শেষে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশের টিকাদান কর্মসূচি বিস্তৃত হলেও বর্তমানে যেসব শিশু টিকার আওতাভুক্ত হয়নি, তারাই প্রধানত হাম রোগে আক্রান্ত হচ্ছে। এই ঝুঁকি মোকাবিলায় চলতি মাসেই দেশব্যাপী পুনরায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করার ঘোষণা দেন তিনি।
সরকারের স্বাস্থ্য খাতের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে হাসপাতালগুলোতে সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কর্মস্থলে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে একটি যুগোপযোগী ‘চিকিৎসক সুরক্ষা আইন’ প্রণয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
দ্রুততম সময়ে সাড়ে ১৫ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের স্বাস্থ্য খাত আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




