ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীতে ১ জনকে পিটিয়ে হত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাজবাড়ী জেলা প্রতিনিধি :- রাজবাড়ী কালুখালীতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহত নজরুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের এক পর্যায়ে নজরুল ইসলাম খানকে বেধড়ক মারধর করা হয় এবং তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিহতের মেয়ে রুনা বলেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। পরে তারা হামলা চালিয়ে তার বাবাকে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তার বাবা মারা যান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

 

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।”

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার। ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।