অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দিলেন আয়োজকরা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- চট্টগ্রামের ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়।

আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমনির ঘটনার ১৭ দিন আগে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল।

তবে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ ও চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি। একই সঙ্গে সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন আয়োজকরা।

 

এর আগে, শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে পরীমনি লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’

 

পরে পোস্টারটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ও কালের কণ্ঠের প্রতিবেদক ফারুক মুনির।

 

ফারুক মুনির লেখেন, ‘এই প্রোগ্রামের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’

তিশার ওই বক্তব্যের পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। এর জেরে পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেন আয়োজকরা।