গণহত্যায় জড়িতদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা:- গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা অনুশোচনা প্রকাশ না করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাঁর ভাষ্য, দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাংলাদেশের মানুষ রাজনীতিতে ফিরতে দেবে না।

শুক্রবার ( ৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরী মাদরাসায় এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনো দুঃখ প্রকাশ বা অনুশোচনা করেননি। গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে তাঁরা দিল্লিতে অবস্থান করছেন। অনুশোচনা ছাড়া তাঁদের দেশে ফিরে রাজনীতি করার সুযোগ নেই।

 

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৬–১৭ বছর আলেম-ওলামাসহ দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরের ঘটনায় বহু মানুষ শহীদ হয়েছেন, যাঁদের সবার নাম ও কবরের ঠিকানা এখনো জানা যায়নি।

 

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। এ ছাড়া আগের শাসনামলে প্রায় ৩ হাজার মানুষ গুম এবং প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, লাখ লাখ মানুষ হামলা, মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন।

 

দেশে আবার ফ্যাসিবাদের পুনরাগমন চান কি না, সেই প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে।

 

ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করা একটি দলের সমালোচনা করে তিনি বলেন, দলটি নিজেদের ইসলামী দল দাবি করলেও নির্বাচনি ইশতেহারে ইসলামী শাসনব্যবস্থা বা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা বলেনি। ধর্মকে ব্যবহার করে তারা দেশে বিভক্তি তৈরি করছে।

 

বিএনপির অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটি জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

 

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানোর কথা জানান সালাউদ্দিন আহমেদ। তাঁর দাবি, শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি বাদ দিয়েছিলেন। বিএনপি তা পুনঃস্থাপন করবে।

 

আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমালোচনা, গঠনমূলক আলোচনা কিংবা সরকারের সঙ্গে অসহযোগিতা করা যেতে পারে। তবে দেশের মানুষের বিরুদ্ধে অসহযোগিতা করা যাবে না।

দেশের অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যুতায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পাশাপাশি আলেম-ওলামা ও কওমি মাদরাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।