নিরাপত্তা নিশ্চিত করতে এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়াম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সম্ভাব্য সংঘাত এড়াতে প্রথমবারের মতো বিকল্প সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়েছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের চালান।

সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় তিনটি লরি শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় প্রকল্প এলাকায় পৌঁছায়।

এবার প্রচলিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর পথ এড়িয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পার হয়। এরপর ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাকশীর লালন শাহ সেতু হয়ে রূপপুরে পৌঁছায় চালানটি। এর আগে ইউরেনিয়াম পরিবহনে এই পথ ব্যবহার করা হয়নি।

ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত পুরো পথে বহরের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। তাঁদের সঙ্গে দায়িত্ব পালন করেন পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

 

এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য চারটি সব মিলিয়ে পাঁচটি ইউরেনিয়ামের চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।

এর আগে রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম বিমানবন্দর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বঙ্গবন্ধু সেতু, নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুরে নেওয়া হতো।