নিউজ ডেস্ক:- পবিত্র রমজানে চাল, ডাল, তেল, খেঁজুরসহ ১১টি পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। সেই লক্ষ্যে এ সব ভোগ্যপণ্য আমদানিতে বড় ছাড় দেয়া হয়েছে।
এখন থেকে ১১টি পণ্য আমদানিতে আমদানিকারদের শতভাগ মার্জিন সংরক্ষণ করতে হবে না।
রোববার (৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কিছু ভোগ্যপণ্যের আমদানি ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের জন্য নির্দেশনা রয়েছে। তবে আগামী পবিত্র রমজান মাস উপলক্ষ্যে চাহিদা বেড়ে যাওয়ায় ১১টি পণ্য আমদানি করতে এলসি খোলার ক্ষেত্রে আমদানিকারকদের শতভাগ মার্জিন সংরক্ষণ করতে হবে না। ব্যাংকার ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ হার ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেয়া হয়েছে ব্যাংকগুলোতে পাঠানো ওই সার্কুলারে।
বাংলাদেশ ব্যাংক বলছে, এই নির্দেশনার ফলে এসব পণ্যের আমদানি সহজ হবে। এতে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত হওয়ায় সহনীয় পর্যায়ে থাকবে দাম।যেসব পণ্য আমদানিতে সুবিধা পাবেন আমদানিকারকরা: কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে আমদানিকারকদের শতভাগ মার্জিন সংরক্ষণ করার প্রয়োজন হবে না।




