দিল্লি হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন : রয়টার্স

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- চব্বিশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানায়, সোমবার (৯ নভেম্বর) লন্ডনভিত্তিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই আবেদনপত্র পাঠানো হয়।

 

২০২৪ সালের ৫ আগস্ট দেশ ত্যাগের পর এই প্রথম তাঁর পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক যোগাযোগের খবর সামনে এল। রয়টার্সের মতে, দুই বছরেরও বেশি সময় আগে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটিই এখন পর্যন্ত তাঁর সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।

 

চিঠিতে হাসিনার আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তাঁর আগের বাংলাদেশি পাসপোর্ট এবং এনআইডি বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির বাধ্যবাধকতা অনুসারে দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা রয়টার্সকে জানিয়েছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতাদের দাবি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই তাঁর দেশে ফেরার চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে এবং দলটির শীর্ষ নেতাদের একটি বড় অংশ বিদেশে আত্মগোপনে বা কারাগারে আছেন। গত বছরের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দেন, যদিও ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এ বিষয়ে জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি রয়টার্স।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতা কাটিয়ে বর্তমান সরকার যখন দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তবে অন্যদিকে, নয়াদিল্লি তাঁকে আশ্রয় দেওয়ায় ঢাকার সঙ্গে ভারতের সম্পর্কের যে অবনতি ঘটেছিল, তাঁর দেশে ফেরার মধ্য দিয়ে সেই টানাপড়েন কিছুটা কমতেও পারে।