খুলনা বিভাগীয় প্রতিনিধি:- খুলনা নগরীর বাবুখান রোডের সন্ধানী ক্লিনিকে গত ২৪ অক্টোবর সন্ধ্যায় অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত।
ভাঙচুর করা হয় ক্লিনিকের বিভিন্ন সরঞ্জাম ও মূল্যবান সামগ্রী।
আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন রোগী ও তাদের স্বজনরা। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। অভিযোগ, চাঁদার দাবিতে এ হামলা চালানো হয়। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ক্লিনিক কর্তৃপক্ষ।
এরপর গত ৩ নভেম্বর। একই কায়দায় হামলা ও ভাঙচুর চালানো হয় শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে। অভিযোগ, এসব হামলার নেপথ্যেও রয়েছে চাঁদাবাজি।
সবশেষ গত ৭ নভেম্বর দুপুরে পিটিআই মোড়ের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ভাঙচুর করা হয় মূল্যবান আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম।
একের পর এক হামলা ও ভাঙচুরের ঘটনায় আতঙ্কে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিকরা। তবে ভয়ে মুখ খুলছেন না কেউই। থানায়ও করা হয়নি কোনো লিখিত অভিযোগ। চিকিৎসক নেতাদের দাবি, এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
ড্যাবের খুমেক শাখার সাধারণ সম্পাদক আবু জাফর মো. ছালেহ্ বলেন, খুলনায় কি এমন অবস্থার সৃষ্টি হলো যাতে একের পর এক হাসপাতাল, একের পর এক চিকিৎসা প্রতিষ্ঠান, একের পর এক চিকিৎসকের ওপর হামলা হচ্ছে। চাঁদাবাজি হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আমরা আর দম নিতে পারছি না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতিতে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিরাও।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মনজু বলেন, গুলির শব্দে মানুষ ঘুমায়, গুলির শব্দে মানুষের ঘুম ভাঙে। কে কখন আক্রান্ত হবে, আমরা জানি না। এমন পরিস্থিতি আমাদের মোকাবিলা করতে হবে। আমরা ভাবতে পারি না যে, খুলনা অন্ধকার শহর হয়ে যাবে।
এজন্য আমি বলেছি, প্রধানমন্ত্রীকেই এখন সিদ্ধান্ত নিতে হবে।জাতীয় সংসদে হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, যত বড় সন্ত্রাসী হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন কিংবা যার ছত্রছায়ায় থাকুক না কেন এ ব্যাপারে প্রশাসন যদি কঠিন ব্যবস্থা না নেয়, আমি শুধু বলতে চাই জনপ্রতিনিধি হিসেবে, আমরা মাঠে নামব।
পুলিশ বলছে, ভুক্তভোগীরা মামলা না করলেও চাঁদাবাজি ও হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করছে। এরই মধ্যে এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, কেউ আমাদের কাছে অভিযোগ করছে না। আমি সবাইকে বলব, আমাদের জানান, আমাদের জানায় না। কেউ মামলাও করছে না। কিন্তু মামলা না করলে কোনো ইস্যু না, আমরা মামলা করছি।




