সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:- ভারতের সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
ইজারাদার ও রাজনৈতিক প্রভাবশালীদের একটি অংশ স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে নদীর তলদেশের পাশাপাশি দুই-পাড়েরপ্রায় ৫০ কোটি টাকার বালু লুট করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসের ঘটনায় পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কতৃর্পক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
নিয়মবহির্ভূতভাবে স্কেভেটর ও ড্রেজার দিয়ে নদীর তীর কেটে বালু উত্তোলনের অপরাধে জড়িত ইজারাদার ও ৫০০ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ইজারাদারসহ বিভিন্ন সময়ে বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে।
যাদুকাটা নদীর বালুমহাল ইজারা এবং অবৈধ উত্তোলনের সঙ্গে যুক্ত মো. নাছির মিয়া, তাহিয়া স্টোন ক্রাশার মালিক। যাদুকাটা বালুমহালের এই ইজারাদার স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ঘনিষ্ঠজন। তিনি বিগত সময়ও এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা বালু উত্তোলনের জন্য সম্প্রতি প্রায় ১০৭ কোটি টাকায় দুটি বালুমহাল ইজারা দেওয়া হয়। কিন্তু ইজারার শর্ত ও নিয়ম লঙ্ঘন করে সিন্ডিকেটের মাধ্যমে শাহীবাদের পুরাণ লাউডালা, পাড় ছড়ার পাড় ও লাউড়ির ঘরসহ বিভিন্ন এলাকা থেকে স্কেভেটর ও খননযন্ত্রের সাহায্যে অবাধে বালু কাটা হচ্ছে।
স্থানীয়রা জানান, আগে জাদুকটা নদীর প্রশস্ততা কম থাকলেও অবৈধ উত্তোলনের কারণে তা এখন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। এই লুটপাটের সাথে জড়িতরা প্রতি ফুট বালু ২০ টাকা দরে বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করছে। সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পেলেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে কুলিয়ে উঠতে পারছে না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেলা প্রশাসক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্দেশনা অমান্য করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে ইজারা চুক্তি বাতিল করা হবে। এছাড়া নদী রক্ষা ও অবৈধ তৎপরতা ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটিতে লিখিত ও মৌখিক প্রস্তাবনা দেওয়া হয়েছে।
জাদুকটা নদী ও এর তীরবর্তী এলাকার পরিবেশ রক্ষায় অবিলম্বে এই অবৈধ লুটতরাজ ও ধ্বংসযজ্ঞ বন্ধে প্রশাসনের কঠোর ও দৃশ্যমান হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় পরিবেশবিদ ও সচেতন মহল।




