কঠোর নিরাপত্তায় কাজে ফিরছেন গাজীপুরের শ্রমিকেরা, তবে বন্ধ বেশ কিছু কারখানা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মবিনুর রিমন ঢাকা:- ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের পর গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও নতুন করে বিক্ষোভ বা সড়ক-মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তাজনিত কারণে এখনো বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে।

 

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৫ প্লাটুন আনসার এবং ৮ প্লাটুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য মাঠে কাজ করছেন।

 

আরিফ হোসাঈন আরও বলেন, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। বিজিবি সদস্যরা ইতোমধ্যে নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।

 

এদিকে, গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, আজ জেলার বেশ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রীপুর শিল্পাঞ্চলের ভিনটেক্স ডেনিম, মেঘনা নিট, সাবলাইম, এক্সিকিউটিভ গ্রিনটেক্স, এক্সিকিউটিভ হাই ফ্যাশন, টি ডিজাইন, ডিজাইটেক্স, স্ট্যান্ডার্ড, সাসটেইনেবল, এমএনআর সোয়েটার, এমএনআর ফ্যাশন, ওয়েলডান, টিএস ক্যাজুয়াল, কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইরোর ফ্যাশন, প্যান্ডোরা সোয়েটার, এস্টোটেক্স, ডেনিম্যাক ডেনিম, কেএসএস, ইউনিসেন্স, তাকওয়া, লান্তাবুর, প্যাস্টেল অ্যাপারেলস, ইপোক গার্মেন্টস, নাসা হাইটেক ও স্টাইল লিমিটেড উল্লেখযোগ্য।

 

প্রসঙ্গত, মজুরি বৃদ্ধির দাবিতে গত এক মাস ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছিলেন। আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান। এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং পুলিশ কয়েকজনকে আটক করে। এ ছাড়া আন্দোলন চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়ে তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ অনেক কারখানায় ছুটি ঘোষণা করেছিল।