খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা ঢাকা:- মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির সুযোগ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার।

এ জন্য সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় আইন তৈরির কাজ চলছে।

মঙ্গলবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, হরিণ বন্য প্রাণী। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন নয়। বন্য প্রাণী ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়ের। তাই এ বিষয়ে বিস্তারিত জানতে বন ও বন্য প্রাণী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

 

তবে খামারে পালন করা হরিণের বাণিজ্যিক ব্যবহার নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট শর্তে বন্য প্রাণী খামারে পালনের অনুমতি রয়েছে।

 

বন্য পরিবেশ থেকে প্রাণী ধরে এনে ব্যবসা করা এবং খামারে পালন করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা এক বিষয় নয়। আন্তর্জাতিকভাবে অনেক বন্য প্রাণী প্রকৃতি থেকে ধরে আনা নিষিদ্ধ হলেও খামারে পালন করে সেগুলো বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ রয়েছে।

 

বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইন তৈরির কাজ চলছে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।