বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, রাতে সার্চলাইটে নজরদারি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শাহাবুদ্দিন যশোর জেলা প্রতিনিধি :- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পেট্রাপোল সীমান্তে সমাবেশ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার ঘোরাফেরার গুঞ্জন ওঠার পর থেকে সীমান্তে টহল বাড়ানো হয়েছে। রাতে সীমান্ত এলাকায় সার্চলাইট দিয়ে নজরদারি চালানো হচ্ছে।

চেকপোস্ট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় বিজিবি সদস্যদের পাশাপাশি টহলে সহযোগিতা করছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।বিজিবি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সকালে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করেছেন হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নানা বক্তব্য দেন বক্তারা।সমাবেশ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক চার জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল সীমান্তে আসেন বলে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ নির্ধারণেই তাঁদের এ সফর। পেট্রাপোলে দুই ঘণ্টার বেশি সময় তাঁরা পর্যবেক্ষণ করেন বলে দাবি করা হয়।এমন পরিস্থিতিতে বেনাপোল সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বাংলাদেশের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করে বিজিবি। সীমান্তের টার্মিনালের সামনে অবস্থান নেন স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।সোমবার বিকালে বেনাপোল সীমান্তের সাদিপুরে গিয়ে দেখা যায়, বিজিবি সদস্যরা সীমান্তে টহল দিচ্ছেন। সীমান্তের দিকে সজাগ দৃষ্টি রাখছেন তাঁরা। তাঁদের পাশাপাশি স্থানীয়রাও সহযোগিতা করছেন। উৎসুক জনতাকেও সীমান্তের পাশের সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সন্ধ্যার পর সীমান্তে সার্চলাইট দিয়ে নজরদারি করছেন বিজিবি সদস্যরা। এ সময়ও তাঁদের সঙ্গে স্থানীয়দের দেখা গেছে।

 

রঘুনাথপুর এলাকার বাসিন্দা চঞ্চল হোসেন নামের একজন বলেন, ‘শুনছি, সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকবে। অবৈধভাবে যাতে কেউ ঢুকতে না পারে, সে জন্য আমরা বিজিবির সঙ্গে মিলে প্রতিহত করব। প্রতিদিন বিজিবির সঙ্গে টহল দিচ্ছি। সীমান্তে কেউ অস্থিরতা তৈরি করতে পারবে না। কেউ যদি সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করে, তাহলে তাকে আটক করে পুলিশে দেব।স্থানীয় বাসিন্দা ও শার্শা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘দেশের মানুষ শান্তিতে আছে। পতিত ফ্যাসিস্টরা দেশে ঢোকার নামে অস্থিরতা তৈরি করলে দেশের মানুষ তাদের প্রতিহত করবে। রোববার সীমান্তে পতিত আওয়ামী লীগের নেতারা আসার গুঞ্জনে বিজিবি সদস্যরা সতর্ক রয়েছেন। আমরা দেখছি, তাঁরা তাঁদের নিয়মিত টহল বাড়িয়েছেন। স্থানীয় বাসিন্দারাও তাঁদের সহযোগিতা করছেন। প্রতিদিন সীমান্তে যুবদলের ৪০০ কর্মী পাহারা দেবেন। কোনো ফ্যাসিস্টকে অবৈধভাবে দেশে ঢুকতে দেবেন না বেনাপোলের বাসিন্দারা।’

 

জানা গেছে, যশোরের শার্শা, চৌগাছা ও ঝিকরগাছায় মোট ১৪২ কিলোমিটার সীমান্ত রয়েছে। অধিকাংশ সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই।

 

বিজিবির একটি সূত্র জানিয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন কৌশলে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন। তাঁদের অধিকাংশই কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। যশোর ও সাতক্ষীরার সীমান্ত ভারতের এসব এলাকার কাছাকাছি হওয়ায় এ পথ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে।

 

আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে ৪৯ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতের টহলে বহনযোগ্য সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দিন-রাত টহল আরও বাড়ানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, ‘আমরাও শুনেছি, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিরা ভারতের পেট্রাপোলে ঘোরাফেরা করছেন। ফেরারি আসামিদের সীমান্তে রুখে দিতে আমাদের আগে থেকেই নজরদারি ও নিরাপত্তা জোরদার ছিল। রোববার দুপুরের পর থেকে সেটা আরও বাড়ানো হয়েছে।তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হয়নি। ভবিষ্যতেও এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

পলাতক ফ্যাসিস্টদের অনুপ্রবেশ রুখে দিতে এবং সীমান্তে জনগণের শান্তি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সব সময় কাজ করবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।