সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি ১৪ কর্মকর্তা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শাহরিয়ার সবুজ স্টাফ রিপোর্টার :- দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।

একই সঙ্গে এসপি পদমর্যাদার আরও সাত কর্মকর্তাসহ বিসিএস (পুলিশ) ক্যাডারের মোট ১৪ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাট এবং একই ইউনিটের উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনী এবং এসআরইউ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বিদায়ী সাত জেলার পুলিশ সুপারসহ আরও সাত কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

এ তালিকায় সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকেও একই ইউনিটে বদলি করা হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।

এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে সিএমপির উপপুলিশ কমিশনার এবং নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।