দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ :- কুষ্টিয়ার দৌলতপুর ভারতীয় সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টার সময় সীমান্তবর্তী পোল্ট্রিমোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেসময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বাগোয়ান কেসিভিএন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বেইজ ক্যাম্প থেকে একটি দল অভিযান চালায়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় শুটার গান এবং ২টি বড় রামদা, ৫টি ছোট রামদা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরিসহ মোট ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেন তারা।
বিজিবি সূত্র জানায়, ভোটকেন্দ্রে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে চরাঞ্চলের একটি সন্ত্রাসী চক্র এসব অস্ত্র বহন করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল নির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। উদ্ধারকৃত অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া শেষে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, আমাদের এই অভিযান চলমান প্রক্রিয়া। সেইসাথে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে বিজিবি তার পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।





