পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাগেরহাট জেলা প্রতিনিধি:- বাগেরহাটের সন্তান মো. আলী হোসেন ফকিরকে বাংলাদেশ পুলিশ–এর নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

আলী হোসেন ফকির বর্তমানে অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন–এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের পর আইনি প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল হয়ে পদায়ন পান।পেশাগত জীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ–এর উপকমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সফলতার সঙ্গে কাজ করেছেন।

১৯৯৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় প্রথম দফায় চাকরি হারান তিনি। পরে আইনি প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে পুনরায় চাকরিতে ফেরেন। সর্বশেষ ২০২২ সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর আবারও চাকরিতে পুনর্বহাল হন।