বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আব্দুল লতিফ ঢাকা:- সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তির চাহিদা ও অংশগ্রহণ বাড়াতে বড় ধরনের আগ্রহ প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনের ফাঁকে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই ইতিবাচক সঙ্কেত পাওয়া যায়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক ভাইস মিনিস্টার তারিক বিন আবদুল আজিজের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি আরবের পক্ষ থেকে দক্ষ কর্মী নিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। সৌদি ভাইস মিনিস্টার তার দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অনবদ্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি নিয়োগ বাড়ানোর পাশাপাশি কর্মীদের অর্জিত দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতির দাবি জানান। তিনি উল্লেখ করেন, দক্ষতার সঠিক স্বীকৃতি পাওয়া গেলে সৌদি শ্রমবাজারে বাংলাদেশিদের অবস্থান আরও সুদৃঢ় হবে। এছাড়া কর্মীদের কর্মক্ষেত্রে ভাষাগত জটিলতা কাটাতে আরবি ভাষা শিক্ষা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বৈঠকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন। তিনি জানান, সৌদি আরবের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশের নির্বাচিত কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মানোন্নয়ন করা যেতে পারে। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত হবে এবং বিদেশগামী কর্মীরা আরও দক্ষ হয়ে গড়ে উঠবে।

বৈঠকে শ্রমসচিব মো. আব্দুর রহমান তারাফদার এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান উপস্থিত ছিলেন। এই আলোচনার ফলে আগামীতে সৌদি আরবে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।