বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা হবে: প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নাঈমুর রহমান ইসলাম রিপোর্টার :-  দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উদ্দেশ্য বাস্তবায়নে শিগগিরই মন্ত্রিসভায় ‘জাতীয় এসএমই নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র বা ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্পখাতের প্রতিবন্ধকতা দূর করতে সরকার সহজ শর্তে ঋণ প্রদান ও আধুনিক প্রশিক্ষণসহ নানা কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এসএমই পণ্যের আধুনিক মান বজায় রাখা, আকর্ষণীয় প্যাকেজিং এবং বিশ্ববাজারে প্রবেশের ক্ষেত্রে উদ্যোক্তাদের যথাযথ সহযোগিতা দেওয়া হবে। এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আগামী ৫ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় সাতটি সাধারণ বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট ৮ জন সফল এসএমই উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় সারা দেশ থেকে ৩৮০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।