প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের সুযোগ থাকলেও সরকার সে পথে হাঁটবে না

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক :- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের সুযোগ থাকলেও, সে পথে হাঁটবে না সরকার।

মঙ্গলবার (১২ মে) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, চুক্তিটি পর্যালোচনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি। সব সেক্টরের বিশেষজ্ঞ এবং এ সম্পর্কিত মন্ত্রণালয়গুলোর সাথে বসে চুক্তিটি মূল্যায়ন করবে সরকার। এতে বিভিন্ন শর্ত পরিবর্তন করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে।

ব্রিফিংয়ে হাম পরিস্থিতি নিয়ে তিনি জানান, রাষ্ট্রীয় ব্যক্তি, প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সমন্বয়ে এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।

জাহেদ উর রহমান বলেন, ‘হামের কারণে চার শতাধিক শিশু মারা গেছে। এটি বড় বিষয়। এই তদন্ত দায়সারা কিছু হবে না। কী কারণে হামের টিকার সংকট হয়েছে, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না— এসব নিয়েই তদন্ত করা হবে। খুব বাজে ধরণের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে, অবশ্যই দায়ীদের শাস্তির মুখোমুখি করা হবে।

সরকার ৩ মিলিয়ন জ্বালানি সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন প্রকল্প গ্রহণ করেছে বলে জানানো হয় ব্রিফিংয়ে।