ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুরকে হত্যার অভিযোগ, জামাই আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:- মানিকগঞ্জে সদর উপজেলায় হ্যালো বাইকের ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুর সিদ্দিক আলীকে (৪৮) লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মেয়ের জামাই রাসেলের (২৭) বিরুদ্ধে। এ ঘটনায় রাসেলকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক আলী ওই এলাকার বাসিন্দা এবং পেশায় অটোচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে সিদ্দিক আলীর বাড়িতে হ্যালো বাইকের ব্যাটারি চুরি করতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তাঁর মেয়ের জামাই রাসেল।

এ সময় চুরির বিষয়টি নিয়ে সিদ্দিক আলীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল তাঁর শ্বশুরকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া নামের একজন জানান, চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে বের হয়ে গিয়ে দেখি সিদ্দিক ও তাঁর মেয়ের জামাই রাসেলের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে রাসেল সিদ্দিকরে লাথি দিলে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে হাসপাতাল মৃত্যুবরন করেন।

এছাড়াও একাধিক স্থানীয়রা জানান, এলাকায় জামাই রাসেল নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য তিনি মাঝেমধ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করত।

নিহতের স্ত্রী রুনা বেগম অভিযোগ করে বলেন, তাঁর ছেলে চিৎকার করে জানায়, হ্যালো বাইকের ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছে। পরে তাঁরা ওই ব্যক্তিকে ধরে দেখেন, তিনি তাঁদের মেয়ের জামাই রাসেল। এ সময় রাসেল তাঁর স্বামীকে লাথি মারলে সে মাটিতে পড়ে যায়।

তিনি শাস্তির দাবী করে আরও বলেন, রাসেলের সাথে আরও দুইজন ছিলো তাদের একজনের নাম শাওন বলে জানান তিনি। এ ঘটনায় তিনি রাসেল সহ দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, রাসেলকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাঁকে মারধর করায় সে বর্তমানে পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার মূল ঘটনা পাওয়া যাবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।