আন্তর্জাতিক ডেস্ক:- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার মক্কা প্রতিরক্ষা জোটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নেয়া চুক্তিগুলোর প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
পাশাপাশি সহযোগিতার মাধ্যমে মতপার্থক্য নিরসনে তেহরানের প্রস্তুতির কথা জানিয়েছেন।
পেজেশকিয়ান সফররত প্রতিনিধিদলকে বলেন, ইরান এমন যেকোনো সমঝোতাকে সমর্থন করে, যা এই অঞ্চলের নিরাপত্তা জোরদার করবে।
পাশাপাশি, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও বিরোধ নিরসনে পদক্ষেপ নিতে ইরান প্রস্তুত রয়েছে।বৈঠকের পর ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িও আশাবাদী মনোভাব প্রকাশ করেন। তিনি জোটের তিন সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেন।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজায়ি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, “আমার মনে হচ্ছে, এই অঞ্চলে একটি নতুন পরিবেশ তৈরি হচ্ছে।” তিনি আরও বলেন, “আলোচনায় আমি খুবই ইতিবাচক পরিবেশ অনুভব করেছি।”
প্রতিনিধিদলে ছিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, কর্মকর্তারা তেহরানে পেজেশকিয়ান, রেজায়ি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করছেন।
মক্কা প্রতিরক্ষা জোট, যা মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নামেও পরিচিত, গত আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় কোনো বহিঃশত্রুর আক্রমণের ক্ষেত্রে সদস্যরাষ্ট্রগুলো পরস্পরকে প্রতিরক্ষা সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, এটি আরও ঘনিষ্ঠ সামরিক ও নিরাপত্তা সহযোগিতার সুযোগ তৈরি করে।




