হবিগঞ্জে ডাক বিভাগের গাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:- হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে কাভার্ডভ্যান চালক জসিম (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে মো. মজনু মিয়া (৫৪) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তুস শাব্দাকরের ছেলে মো. রিপন মিয়া (২৩)।

হাইওয়ে পুলিশ জানায় , রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া কাউছারনগর এলাকায় ঢাকা অভিমুখী পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।

পরে রাত আড়াইটার দিকে একই দিক থেকে আসা ডাক বিভাগের একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

দুর্ঘটনায় ডাক বিভাগের কাভার্ডভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।