অনলাইন ডেস্ক:- তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি চালু করছে সরকার।
এ কর্মসূচিতে প্রতি কেজি ৩০ টাকা দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন একজন শ্রমিক।
শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ট্রাকে করে এ চাল বিক্রি শুরু হচ্ছে।
কর্মসূচির আওতায় ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় চাল বিক্রি করা হবে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি চলবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে।
চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর এ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিমও গঠন করা হয়েছে।
নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাঁদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা দিতে সরকার নিয়মিত ভর্তুকি মূল্যে ওএমএস কর্মসূচি পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় এবার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যসুত্রঃ বাসস




