কামরুজ্জামান সজীব মহেশপুর উপজেলা প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে মাঠে কলাই কাটা নিয়ে বিরোধের সময় সংঘর্ষে নূর মোহাম্মদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের পোড়াদহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ উপজেলার ১০ নম্বর নাটিমা ইউনিয়নের মান্দারতলা গ্রামের বাসিন্দা। সে হানিফ আলীর ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিন একই উপজেলার পোড়াদহ গ্রামের বাসিন্দা। তিনি লুৎফর রহমানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম জানান, নূর মোহাম্মদ ও জসিম উদ্দিনের মধ্যে বাড়ির জমি কেনাবেচার টাকা লেনদেন নিয়ে পূর্ববিরোধ ছিল। শুক্রবার মাঠে কলাই কাটা নিয়ে দুজনের মধ্যে বিরোধের একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নূর মোহাম্মদ নিহত হন বলে জানা গেছে।
ওসি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত জসিম উদ্দিন পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




