বাস থেকে ফেলে দুই যুবককে হত্যার অভিযোগে চালক আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রংপুর জেলা প্রতিনিধি :- রংপুরের তারাগঞ্জে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক যাত্রীকে জিম্মি করার সময় বাধা দেওয়ায় চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করা হয়েছে এবং ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এই নির্মম ঘটনা ঘটে।

 

নিহত দুই যুবক হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

 

বাসের যাত্রী ও নিহতদের চাচা আতিক ইসলাম জানান, কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে করে তাঁরা ছয়জন বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। আতিকের কাছে তিন লাখ টাকা থাকায় বাসটি তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে হেলপার ও সুপারভাইজার মিলে তাঁর গলায় গামছা পেঁচিয়ে জিম্মি করেন।

 

এ সময় মুকুল ও শাকিব তাঁকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকেই লাথি ও ধাক্কা মেরে তাঁদের নিচে ফেলে দেওয়া হয়। পরে আতিকের চিৎকারে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখতে পেয়ে চিকলী এলাকার স্থানীয়দের খবর দিলে জনতা ধাওয়া করে বাসটি আটক করে। বাসটি আটকানো না হলে তাঁকেও একইভাবে ফেলে দেওয়া হতো বলে জানান তিনি।

 

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় গিয়ে রাস্তার পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। এর মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত চালক ও সুপারভাইজারকে আটক করে।