গোপালগঞ্জে আওয়ামী লীগের শোডাউন, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :- গোপালগঞ্জ শহরে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে পুরো শহরে চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।

 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল (১৫ নভেম্বর) থেকেই সদরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক, ভ্যান, গাড়ি ও মোটরসাইকেলে করে শত শত নেতাকর্মী গোপালগঞ্জ শহরে প্রবেশ করতে শুরু করেন।

 

তাঁরা শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হয়ে একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে প্রবেশ করেন এবং লাঠিসোটা হাতে বিভিন্ন সড়কে মিছিল বের করেন। মিছিলকারীরা বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

 

এছাড়া লঞ্চঘাট বাজার এলাকা ও পাঁচুরিয়াসহ বিভিন্ন এলাকায় তাঁদের মিছিল ও মহড়া অব্যাহত থাকে। এই সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়।

 

এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়ায় কুশলী ইউনিয়ন বিএনপি কার্যালয় এবং বর্ণি ইউনিয়ন যুবদল নেতার অফিস ভাঙচুর করে আগুন দেয় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে ও মোড়ে মোড়ে পুলিশ, এপিবিএন, এসআরপি এবং ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থানের কথা বলা হলেও আকস্মিক এই শোডাউন ও সহিংসতায় শহরজুড়ে থমথমে ও আতঙ্কজনক পরিবেশ বজায় রয়েছে।