সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় গরু-ঘোড়া-কয়লা ও জিরা জব্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:-  সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু, ঘোড়া, কয়লা ও জিরা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রোববার (১৫ নভেম্বর) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে ৫ লাখ টাকা মূল্যের চারটি ভারতীয় ঘোড়া, একটি গরু, কয়লা ও জরিা জব্দ করে বিজিবির সদস্যরা।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন জানায়, তাহিরপুর উপজেলার চাঁনপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধভাবে আনা ৪টি ঘোড়া, একই উপজেলার বালিয়াঘাট বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় কয়লা, লাউড়েরগড় বিওপির সদস্যরা তিন বস্তা ভারতীয় জিরা ও দোয়ারাবাজার উপজেলা প্যাকপাড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় গরু জব্দ করে।

আটককৃত ভারতীয় ঘোড়া, গরু ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা। তবে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদে ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, ঘোড়া আটক ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশসহ চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

আটককৃত গরু, ঘোড়া ও জব্দকৃত মালামাল সুনামগঞ্জে শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।