কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ– কুষ্টিয়ার দোলতপুর সীমান্তে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ নভেম্বর রোববার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা হাড়াভাঙ্গা মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ এবং ৪,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (বারো লক্ষ ত্রিশ হাজার) টাকা।

অপরদিকে, একই তারিখ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর মাঠ নামক স্থানে অপর একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯ বোতল মদ, ৫৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৬০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৩০ পিস চকলেট বাজি এবং ৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য (তিন লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা।

উল্লেখ্য, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক পরিচালিত উল্লিখিত দুটি পৃথক অভিযানে সর্বমোট (পনেরো লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রেখেছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান অব্যাহত রচেছে।