মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ পৌঁছান। এদিন মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত অংশ নেবেন। তিনি আশা প্রকাশ করেছেন, মামলাটিতে পরীমনি ন্যায়বিচার পাবেন।

এর আগে ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরদিন তাঁরসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর সিআইডি আদালতে অভিযোগপত্র জমা দেয়।

 

অভিযোগপত্রে পরীমনির বাসা থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র না থাকার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মাদক সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহনের অভিযোগ আনা হয়। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও তাঁর খালু কবীর হোসেন হাওলাদার।

২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। উচ্চ আদালতের নির্দেশনার পর মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনসংক্রান্ত শুনানির প্রক্রিয়া শুরু হয়।