রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বদলে দিচ্ছে বাংলাদেশের রূপ, পা রাখছে পারমাণবিক বিদ্যুতের যুগে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া ঢাকা:- প্রমত্তা পদ্মার তীরে দীর্ঘ এক দশকের অপেক্ষা, জটিল কারিগরি কর্মযজ্ঞ আর অবকাঠামোগত প্রস্তুতির পর আজ ঐতিহাসিক এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ।

পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এর মধ্য দিয়েই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগে আনুষ্ঠানিকভাবে পা রাখবে বাংলাদেশ।

এক দশক ধরে অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক মানদণ্ডে জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর রূপপুরের প্রথম ইউনিটটি এখন সম্পূর্ণ প্রস্তুত। এর আগে গত ১৬ এপ্রিল পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম সরবরাহের আনুষ্ঠানিক লাইসেন্স পাওয়া যায়।

আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী কঠোর নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় এর আগে কয়েকবার সময়সীমা নির্ধারণ করা হলেও তা পিছিয়ে গিয়েছিল। সব জটিলতা পেরিয়ে আজকের এই মাহেন্দ্রক্ষণ ঘিরে পাবনার ঈশ্বরদীর রূপপুর, পাকশী ও গ্রিন সিটি এলাকায় এখন বইছে উৎসবের আমেজ ও চূড়ান্ত প্রস্তুতির ব্যস্ততা।

সংশ্লিষ্টরা আশা করছেন, আজকের প্রাথমিক পরীক্ষামূলক সরবরাহের পর পর্যায়ক্রমে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর ঠিক এক বছর পর প্রথম ইউনিটটি পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনে গেলে এখান থেকে এককভাবে পাওয়া যাবে নিরবচ্ছিন্ন ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ—যা দেশের জাতীয় গ্রিডে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে।

পাবনার রূপপুরে পদ্মা নদীর তীরে বিশাল এলাকাজুড়ে গড়ে উঠেছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এই মেগা প্রকল্প। নদী তীরের এই বিশাল স্থাপনা সুরক্ষায় অবকাঠামো নির্মাণের পাশাপাশি নদী শাসনে তৈরি করতে হয়েছে বিশেষ বাঁধ।

প্রকল্পের পাশেই দাঁড়িয়ে আছে শতবর্ষী ঐতিহাসিক পাকশী হার্ডিঞ্জ ব্রিজ (রেলসেতু) এবং তার পাশেই লালন শাহ সেতু (সড়কসেতু)। ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধন নজর কাড়ছে সবার। এমনকি নদীর ওপারে কুষ্টিয়া জেলা থেকেও স্বমহিমায় দৃশ্যমান হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুবিশাল কুলিং টাওয়ার।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পের দেশি-বিদেশি প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য প্রকল্প এলাকার অদূরে সবুজের মাঝে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক আবাসিক এলাকা—‘গ্রিন সিটি’।

নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত এই ‘গ্রিন সিটি’ এলাকায় রাশিয়ানসহ অন্যান্য দেশের নাগরিকদের দৈনন্দিন চাহিদা ও জীবনযাত্রার মান বিবেচনায় তৈরি হয়েছে আধুনিক বিপণিবিতান ও বিনোদনের নানা ব্যবস্থা। সেখানে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে কেনাকাটা ও জীবনযাপন করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

আজকের এই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়নে এক নতুন ও সম্ভাবনাময় দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে।