দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার, ১জন কে আটক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ- কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৮ কেজি গাঁজা, ৮ বোতল ভারতীয় মদ এবং ৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ সময় ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (দুই লক্ষ বাহাত্তর হাজার একশত নিরানব্বই) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মহিষকুন্ডি ঘোনাপাড়া নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ লালু (৪৫), পিতা মৃত জান বাক্স, মহিষকুন্ডি ঘোনাপাড়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে ভারতীয় ২৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (এগারো হাজার সাতশত) টাকা।

একই তারিখ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বুড়ির খাল নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য (এক লক্ষ পঁচাশি হাজার চারশত নিরানব্বই) টাকা।

এছাড়াও পরবর্তীতে, ১৭ নভেম্বর মঙ্গলবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলার মাঠ নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা ও ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (পঁচাত্তর হাজার) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।